প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশিদের জাপানে কাজের ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিনজুর।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমি লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কারাসাওয়া শিনজুর বলেন, ‘বাংলাদেশের মানুষজন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও দয়ালু। এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়বে এবং তারা ভবিষ্যতে উন্নতি করতে পারবে। পাশাপাশি জাপানে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।’
অনুষ্ঠানে এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত যে আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছি। এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমির মাধ্যমে আমরা আমাদের দেশের জনশক্তিকে জাপানে পাঠাতে পারব।’
তিনি বলেন, ‘জাপানে যাওয়ার ক্ষেত্রে ভাষা ও কারিগরি দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে। কারণ, জাপানের নতুন সরকার কারিগরি বিষয়কে গুরুত্ব দিচ্ছে এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জাপানি ভাষার পাশাপাশি দেশটির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানানো এবং শেখানো হবে।’
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সম্পূর্ণ অলাভজনক উদ্দেশ্যে অ্যাকাডেমিটি প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশি তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করাই এর মূল লক্ষ্য।
এ ছাড়া জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তুলতে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরিফুর জামান খানের সঞ্চালনায় বক্তব্য দেন এসটি মিরাই জাপানিজ অ্যাকাডেমির চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি কাইয়ুম জামান খান এবং আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন প্রমুখ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |