| বঙ্গাব্দ

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 22-11-2026 ইং
  • 16887 বার পঠিত
বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক
ছবির ক্যাপশন: বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল,

গাজীপুরে বাড়ির ফটকে কাফনে মোড়ানো পুতুল, বুকে ২০টি কাঁটা ঘিরে আতঙ্ক

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়ে মোড়ানো খড়ের পুতুল, বুকে গাঁথা কাঁটা এবং রহস্যজনক কিছু উপকরণ পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাটি ঘিরে বাড়ির বাসিন্দাদের পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মো. আলী হোসেনের (৫৫) বাড়ির সামনে এসব উপকরণ দেখতে পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই আশপাশের গ্রামের উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করতে থাকেন।

বাড়ির মালিক আলী হোসেন স্থানীয় করম উদ্দিনের ছেলে। তিনি জানান, সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা বাড়িটিতে তিনি ও তার স্ত্রী বসবাস করেন। রোববার ফজরের নামাজ শেষে বাড়ির প্রধান ফটক খুলতে গিয়ে অস্বাভাবিক দৃশ্য দেখতে পান তিনি।

তার ভাষ্য অনুযায়ী, বাড়ির ফটকের সামনে আটা বা ময়দা দিয়ে বড় একটি গোল বৃত্ত আঁকা ছিল। বৃত্তের ভেতরে যোগ চিহ্নের মতো দুটি রেখার ওপর খড় দিয়ে তৈরি একটি পুতুল রাখা ছিল। পুতুলটি সাদা কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

পুতুলটির বুকে ১৫ থেকে ২০টি বেলকাঁটা গাঁথা ছিল। এ ছাড়া পুতুলটির বাঁ হাত ও বাঁ পা বাঁধা অবস্থায় ছিল বলে জানান বাড়ির মালিক।

ঘটনাস্থলে পুতুলটির বুক ও আশপাশে সিঁদুরের মতো লাল রং ছড়িয়ে থাকতে দেখা যায়। পাশাপাশি একটি গোলাপজলের বোতল, আগরবাতির প্যাকেট ও পোড়া আগরবাতির ছাই পড়ে ছিল।

এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আলী হোসেন ও তার স্ত্রী। পরে প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসে উপকরণগুলো দেখতে পান।

আলী হোসেন বলেন, কারা এবং কী উদ্দেশ্যে তার বাড়ির সামনে এমন কাজ করেছে, তা তিনি বুঝতে পারছেন না। তার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, ঘটনাটি দেখে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে জাদুটোনা বা কুফরি কাজের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করছেন, আবার কেউ মনে করছেন, উদ্দেশ্যমূলকভাবে তাকে ভয় দেখানোর জন্য এসব উপকরণ রাখা হতে পারে।

তবে কে বা কারা এসব উপকরণ রেখেছে এবং এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেশী মহসিন মোল্লা জানান, সকালে আলী হোসেন তাকে ডেকে বাড়ির ফটকের সামনের দৃশ্যটি দেখান। এমন ঘটনা এর আগে ওই গ্রাম কিংবা আশপাশের এলাকায় দেখেননি বলে জানান তিনি।

মহসিন মোল্লা বলেন, ঘটনার পর থেকে আলী হোসেন ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়েছেন শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও ইসলামি বক্তা মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন।

তিনি বলেন, এ ধরনের উপকরণ জাদুটোনার উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করা হয় বলে প্রচলিত ধারণা রয়েছে। ইসলামে জাদুটোনা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি শিরকতুল্য অপরাধ।

তবে তিনি স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কারও ক্ষতি করার ক্ষমতা কারও নেই। তাই এ ধরনের ঘটনায় ভয় না পেয়ে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত।

ঘটনাস্থলে পাওয়া উপকরণগুলোর সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা কাউকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্য জড়িত রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency