প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
রাজনৈতিকভাবে পরাজিত ও কার্যক্রম নিষিদ্ধ দলকে দেশের জনগণ আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি অভিযোগ করেছেন, বিদেশে অবস্থান করে একটি রাজনৈতিক শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
রোববার (২২ নভেম্বর) বিকালে নরসিংদীতে বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে নরসিংদী সদর উপজেলা, শহর ও মাধবদী পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
সমাবেশে খায়রুল কবির খোকন বলেন, রাজনৈতিকভাবে পরাজিত একটি শক্তি দেশ ছেড়ে পালিয়ে বিদেশে অবস্থান করছে। সেখান থেকে উসকানি দিয়ে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন জড়ো করে গোপালগঞ্জে সহিংস ঘটনা ঘটানো হয়েছে। এ সময় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, সর্বশেষ নির্বাচনে গোপালগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির দুই সংসদ সদস্য জিলানী ও সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।
এ ছাড়া নড়াইলে বিএনপির দুই নেতাকর্মী এবং ফরিদপুরে একজন নেতাকর্মীকে হত্যার অভিযোগও তোলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, দেশের বিভিন্ন এলাকায় এখনো বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে।
বিএনপির অতীত রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে দলের নেতাকর্মীরা মামলা, হামলা, কারাবরণ ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এরপরও বিএনপি রাজনৈতিক অবস্থান থেকে সরে আসেনি কিংবা দেশ ছেড়ে পালিয়ে যায়নি।
তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তি নতুন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব কর্মকাণ্ড প্রতিরোধ করছে।
সমাবেশে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এবং জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নরসিংদী পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |