ফেনী: গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের অপরাজনীতি এখন অচল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে ফেনীর দাগনভূঞার সরকারি আতাতুর্ক মডেল হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস, ব্যাংক লুট, বিদেশে টাকা পাচার এবং ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধী মতের কণ্ঠরোধ, অগ্নিসংযোগ ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দেশের অত্যাচারিত, নির্যাতিত ও গুম-খুনের শিকার পরিবার এবং সাধারণ মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল। তাদের আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। দেশে গণতান্ত্রিক ধারার যাত্রা শুরু হওয়ায় স্বৈরাচারীরা আবারও অতীতের কর্মকাণ্ডে ফিরে যেতে চাইছে বলে মন্তব্য করেন তিনি।
পরিবেশমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ লগি-বৈঠা, খুন, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। যাতে ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ক্ষমতালোভী আওয়ামী লীগ জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে। এখন জনগণ জেগে উঠেছে। পাড়া-মহল্লায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অপকর্মের সঙ্গে জড়িতদের প্রতিহত করতে হবে।
তিনি মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও দখলবাজদের আইনের আওতায় এনে এলাকাকে শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অপকর্ম নিজে না করা এবং অন্যকেও করতে না দেওয়ার প্রতিজ্ঞা করার কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে ক্ষমতাসীনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেভাবেই আবারও সোচ্চার হতে হবে। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিন বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক মানিক ও মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া দাগনভূঞা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব সাইফুর রহমান স্বপন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |