| বঙ্গাব্দ

আর্জেন্টিনা দলে ছেলের উত্তরসূরি হিসেবে যেই তরুণ ফুটবলারকে বেছে নিলেন মেসির মা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 156377 বার পঠিত
আর্জেন্টিনা দলে ছেলের উত্তরসূরি হিসেবে যেই তরুণ ফুটবলারকে বেছে নিলেন মেসির মা
ছবির ক্যাপশন: ছেলের উত্তরসূরি হিসেবে যেই তরুণ ফুটবলারকে বেছে নিলেন মেসির মা

মেসির উত্তরসূরি হতে পারেন নিকো পাজ, বিশ্বাস মেসির মায়ের

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নেতৃত্ব ও তারকাখ্যাতির হাল ধরবেন কে? বিশ্ব ফুটবলে দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। মেসির উত্তরসূরি কিংবা ভবিষ্যতের ১০ নম্বর জার্সির যোগ্য দাবিদার খোঁজার আলোচনাও কম নয়। তবে এ প্রশ্নের সম্ভাব্য উত্তর দিয়েছেন খোদ মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি। তাঁর চোখে, ছেলের উত্তরসূরি হতে পারেন তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজ।

শুধু নিজের পছন্দের কথা মনে মনে রাখেননি সেলিয়া। মেসির বিদায় অনুষ্ঠানে নিকো পাজের সঙ্গে সরাসরি দেখা করে তাঁকে নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি। মেসির মায়ের মুখে এমন মন্তব্য শুনে রীতিমতো হতবাক হয়ে যান তরুণ এই ফুটবলার।

ঘটনাটি সামনে এনেছেন নিকো পাজের চাচা ফাবিয়ান পাজ। রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মেসির বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি ও তাঁর ভাতিজা। সেখানেই ঘটে আবেগঘন মুহূর্তটি।

ফাবিয়ান বলেন, ‘আমি যখন মেসির বিদায় অনুষ্ঠানে গিয়েছিলাম, নিকো তখন ড্রেসিংরুম থেকে বের হচ্ছিল। সেখানে মেসির মা ছিলেন। তিনি আবেগাপ্লুত হয়ে কাঁদছিলেন। নিকো তাঁকে চিনত, তাই এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন, “তুমিই আমার ছেলের উত্তরসূরি।” কথাটি শুনে নিকো একেবারে হতবাক হয়ে যায়।’

তবে মেসির মায়ের এমন উচ্চ প্রত্যাশা থাকলেও নিজের ভাবনায় এখনো উত্তরসূরি হওয়ার কোনো চাপ রাখেননি নিকো। তাঁর চাচার দাবি, মেসিকে ছাড়িয়ে যাওয়া কিংবা তাঁর জায়গা নেওয়ার চিন্তা কখনোই করেননি এই তরুণ ফুটবলার।

ফাবিয়ান বলেন, ‘নিকো খুব শান্ত ও বিনয়ী একজন মানুষ। মেসির উত্তরসূরি হতে হবে—এমন কোনো চিন্তা তার মাথায় নেই। লিওর সঙ্গে দেখা করতে পারা এবং তাঁর পাশে খেলতে পারাটাই নিকোর কাছে ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তার কাছে সেটা ছিল যেন আকাশ ছুঁয়ে দেখার মতো অভিজ্ঞতা।’

নিকো পাজের বেড়ে ওঠা ও ফুটবল ক্যারিয়ারের বড় একটি অংশ কেটেছে আর্জেন্টিনার বাইরে। ফাবিয়ানের মতে, বিদেশে থাকার কারণে দেশের ফুটবল ঘিরে অতিরিক্ত উন্মাদনা ও চাপ থেকে অনেকটাই দূরে থাকতে পেরেছেন তিনি।

এ প্রসঙ্গে ফাবিয়ান বলেন, ‘সে এখনো অনেক কিছু বিশ্বাসই করতে পারে না। তা ছাড়া আর্জেন্টিনায় থাকে না বলে অন্য খেলোয়াড়দের মতো এত চাপের মুখেও পড়তে হয় না। এখানে ফুটবলকে অন্যভাবে দেখা হয়। আবেগ ও উন্মাদনার মাত্রা অনেক বেশি। তাই পুরো বিষয়টি এখনো তার কাছে বিস্ময়কর।’

মেসির মায়ের এমন মন্তব্যে নিকো পাজকে ঘিরে আর্জেন্টিনার ফুটবলে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে কিংবদন্তি মেসির উত্তরসূরি হওয়ার আলোচনার বাইরে নিজের খেলা ও পারফরম্যান্স দিয়েই পরিচিতি গড়তে চান এই তরুণ মিডফিল্ডার।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency