ভারত সফরে গিয়ে ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাট-বলের আনন্দে মেতেছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও যুবরানি কেট মিডলটন। মুম্বাইয়ে শচীনের আমন্ত্রণে ক্রিকেট খেলার পাশাপাশি ভারতীয় ঐতিহ্যের অংশ হিসেবে মাটির ভাঁড়ে কাটিং চা পান করেন তারা। এ সময় মুম্বাইয়ের জনপ্রিয় রাস্তার খাবারও চেখে দেখেন ব্রিটিশ রাজপরিবারের এই দুই সদস্য।
একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে গেছেন উইলিয়াম ও কেট। মুম্বাইয়ে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
মুম্বাইয়ে শচীনের সঙ্গে সময় কাটানোর একপর্যায়ে খুদে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন উইলিয়াম ও কেট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তাদের ক্রিকেট খেলতে দেখা গেছে।
এ সময় শচীন টেন্ডুলকারকে বল করতে দেখা যায়। মাঠের পাশে দাঁড়িয়ে খুদে ক্রিকেটপ্রেমীরাও খেলোয়াড়দের উৎসাহ দেন।
ক্রিকেট খেলার পর রাজদম্পতিকে মুম্বাইয়ের বিশেষ চায়ের দোকানে নিয়ে যান শচীন টেন্ডুলকার। সেখানে মাটির ভাঁড়ে পরিবেশন করা হয় জনপ্রিয় কাটিং চা।
শুধু চা পানই নয়, মুম্বাইয়ের বিভিন্ন পরিচিত রাস্তার খাবারের স্বাদও নেন উইলিয়াম ও কেট। স্থানীয় খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এই আয়োজন তাদের ভারত সফরে বাড়তি আকর্ষণ যোগ করেছে।
মুম্বাইয়ের বিভিন্ন ঐতিহাসিক ভবন ও স্থাপনাও ঘুরে দেখেন ব্রিটিশ রাজদম্পতি। এ সময় শচীন টেন্ডুলকারকে সেসব স্থানের ইতিহাস ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে তাদের জানাতে দেখা যায়।
উইলিয়াম ও কেটের ভারত সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ‘আর্থশট পুরস্কার’ অনুষ্ঠানে অংশগ্রহণ। পৃথিবীর পরিবেশগত সমস্যা সমাধানে উদ্ভাবনী উদ্যোগ নেওয়া ব্যক্তিদের স্বীকৃতি দিতে ২০২০ সালে এই উদ্যোগ শুরু করেন তারা।
এবারের আয়োজনে পরিবেশ ও পৃথিবীর বিভিন্ন সমস্যা মোকাবিলায় কার্যকর উদ্ভাবন নিয়ে কাজ করা পাঁচজনকে পুরস্কৃত করা হবে। প্রত্যেক বিজয়ীকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা করে দেওয়ার কথা রয়েছে।
মুম্বাইয়ের এই অনুষ্ঠানের মাধ্যমে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ক্রিকেট, ফ্যাশন এবং চলচ্চিত্রভিত্তিক সাংস্কৃতিক সম্পর্কও তুলে ধরা হবে। বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথাও জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার মুম্বাইয়ে আর্থশট পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বুধবার দিল্লিতে যাবেন উইলিয়াম ও কেট। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে নিজ দেশে ফিরে যাবেন তারা।
ক্রিকেট, স্থানীয় খাবার এবং ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার মধ্য দিয়ে ব্রিটিশ রাজদম্পতির ভারত সফরের মুম্বাই পর্বটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |