| বঙ্গাব্দ

আপনি কি সত্যিই প্রেমে পড়েছেন, নাকি শুধু তার মেসেজের প্রতি আসক্ত? চিনে নিন ৫ লক্ষণ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 16-11-2026 ইং
  • 219351 বার পঠিত
আপনি কি সত্যিই প্রেমে পড়েছেন, নাকি শুধু তার মেসেজের প্রতি আসক্ত? চিনে নিন ৫ লক্ষণ
ছবির ক্যাপশন: ভালোবাসা নাকি আসক্তি

আপনি কি সত্যিই প্রেমে পড়েছেন, নাকি শুধু তার মনোযোগের প্রতি আসক্ত? চিনে নিন ৫ লক্ষণ

ফোনে বিশেষ একজনের মেসেজ এলেই কি আপনার মুখে হাসি ফুটে ওঠে? আবার সেই মানুষটি উত্তর দিতে দেরি করলে অস্থিরতা কিংবা মন খারাপ শুরু হয়? দিনের বড় একটি সময় কি কাটে তার মেসেজের অপেক্ষায়? এমন অভিজ্ঞতা থেকে নিজের প্রেমে পড়ার ধারণা তৈরি হতে পারে। তবে মনস্তাত্ত্বিক দৃষ্টিতে এসব অনুভূতি সব সময় ভালোবাসার প্রকাশ নয়। অনেক ক্ষেত্রে এর পেছনে থাকতে পারে অন্যের কাছ থেকে স্বীকৃতি, গুরুত্ব ও মনোযোগ পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা।

ভালোবাসা এবং কারও মনোযোগের ওপর নির্ভরশীলতার মধ্যে পার্থক্য বোঝা কঠিন হতে পারে। বিশেষ করে যখন একজন মানুষের নিয়মিত বার্তা আপনার দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত হয়। তবে নিজের কিছু আচরণ ও অনুভূতি পর্যবেক্ষণ করলে বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

১. তার উত্তরের ওপর নির্ভর করে আপনার মেজাজ

বিশেষ মানুষটির কাছ থেকে দ্রুত মেসেজ পেলে আপনার মন ভালো হয়ে যায়। কিন্তু উত্তর আসতে দেরি হলেই শুরু হয় দুশ্চিন্তা, হতাশা কিংবা অস্থিরতা। কখনো কখনো এর প্রভাব পড়ে পুরো দিনের কাজেও।

যদি আপনার আনন্দ কিংবা মন খারাপের বিষয়টি বারবার তার কাছ থেকে পাওয়া মনোযোগের ওপর নির্ভর করে, তাহলে বুঝতে হবে তার স্বীকৃতি আপনার কাছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সুস্থ সম্পর্কের পাশাপাশি নিজের মানসিক স্থিতিশীলতাও বজায় রাখা জরুরি।

২. কথার চেয়ে মেসেজ পাওয়াটাই বেশি আনন্দের

নিজেকে একটি প্রশ্ন করুন—আপনি কি সত্যিই মানুষটিকে মিস করেন, নাকি তার কাছ থেকে নিয়মিত বার্তা পাওয়ার অভ্যাসটিই আপনার কাছে বেশি আকর্ষণীয়?

তার সঙ্গে গভীর ও অর্থবহ কথোপকথনের চেয়ে সকালে পাওয়া একটি 'গুড মর্নিং' কিংবা ছোট্ট প্রশংসা যদি বেশি আনন্দ দেয়, তাহলে বিষয়টি ভেবে দেখা দরকার।

কারণ মানুষের প্রতি প্রকৃত আগ্রহ এবং তার কাছ থেকে মনোযোগ পাওয়ার আনন্দ এক বিষয় নয়। দুটির মধ্যে পার্থক্য বুঝতে পারা নিজের অনুভূতি চেনার গুরুত্বপূর্ণ একটি ধাপ।

৩. তার নেতিবাচক দিকগুলো সহজেই এড়িয়ে যান

মানুষটির সঙ্গে আপনার চিন্তাভাবনা, পছন্দ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনায় যথেষ্ট অমিল থাকতে পারে। কিন্তু সে যখনই প্রশংসা করে বা আপনাকে বিশেষ গুরুত্ব দেয়, তখন এসব পার্থক্য আর তেমন চোখে পড়ে না।

এমন পরিস্থিতিতে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত হওয়ার অনুভূতি সম্পর্কের প্রকৃত সামঞ্জস্য বিচার করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।

একটি সম্পর্কের ক্ষেত্রে শুধু কেউ আপনাকে কতটা পছন্দ করছে, সেটিই বিবেচ্য নয়। বরং দুজনের মূল্যবোধ, প্রত্যাশা ও জীবনযাপনের মধ্যে কতটা মিল রয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ।

৪. সে দূরে সরে গেলেই তাকে নিয়ে চিন্তা বেড়ে যায়

মানুষটি নিয়মিত যোগাযোগ রাখলে সবকিছু স্বাভাবিক মনে হয়। কিন্তু হঠাৎ তার মেসেজের সংখ্যা কমে গেলে কিংবা সে দূরত্ব তৈরি করলে আপনার আগ্রহ বেড়ে যায়।

এমন সময় বারবার ফোন হাতে নিয়ে মেসেজ পরীক্ষা করতে ইচ্ছা করে। কখন উত্তর আসবে, কেন যোগাযোগ কমে গেল কিংবা সে আগের মতো গুরুত্ব দিচ্ছে কি না—এসব প্রশ্ন মাথায় ঘুরতে থাকে।

এ ধরনের অনুভূতিকে অনেক সময় গভীর ভালোবাসা বলে মনে হতে পারে। কিন্তু এর পেছনে থাকতে পারে মানুষটিকে হারানোর ভয়, প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা কিংবা সম্পর্কের অনিশ্চয়তা থেকে তৈরি উদ্বেগ।

৫. নিজের চেয়ে তার পছন্দ-অপছন্দকে বেশি গুরুত্ব দেন

মানুষটি আপনাকে কীভাবে দেখছে, আপনার কোন আচরণ তার ভালো লাগছে কিংবা কোনো কথায় সে বিরক্ত হচ্ছে কি না—এসব নিয়ে যদি অতিরিক্ত চিন্তা করেন, তাহলে নিজের অনুভূতিগুলোও একবার বিবেচনা করা প্রয়োজন।

নিজেকে প্রশ্ন করুন, তার সঙ্গে সময় কাটিয়ে আপনি সত্যিই কতটা আনন্দ পান? তার উপস্থিতিতে কি স্বাচ্ছন্দ্য বোধ করেন? নিজের চাহিদা ও মতামত প্রকাশ করার সুযোগ কি আপনার রয়েছে?

একটি সুস্থ সম্পর্ক শুধু অন্যের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার চেষ্টা নয়। সেখানে দুজনের অনুভূতি, পছন্দ, প্রত্যাশা ও মানসিক স্বাচ্ছন্দ্যের সমান গুরুত্ব থাকা প্রয়োজন।

ভালোবাসা নাকি মনোযোগের প্রতি নির্ভরশীলতা?

কারও প্রতি আকর্ষণ তৈরি হওয়া কিংবা তার কাছ থেকে মনোযোগ প্রত্যাশা করা খুবই স্বাভাবিক। তবে যখন নিজের ভালো থাকা, আত্মবিশ্বাস কিংবা প্রতিদিনের মেজাজ অন্য একজনের বার্তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন নিজের অনুভূতি নিয়ে সচেতন হওয়া জরুরি।

মনে রাখতে হবে, ভালোবাসার সম্পর্কে শুধু অন্য মানুষটি আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেটিই শেষ কথা নয়। বরং তার সঙ্গে থাকলে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, নিজের মতো থাকতে পারছেন কি না এবং সম্পর্কটি আপনার মানসিক ভালো থাকার জন্য কতটা ইতিবাচক—এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।

তাই কারও মেসেজের অপেক্ষায় থাকা মানেই প্রেমে পড়া নয়। কখনো কখনো সেটি হতে পারে মনোযোগ পাওয়ার অভ্যাস কিংবা স্বীকৃতির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। নিজের অনুভূতি বোঝার পাশাপাশি সম্পর্কের সুস্থতা যাচাই করাও গুরুত্বপূর্ণ।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency