প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বর্ণাঢ্য যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এ সেমিনারের আয়োজন করে।
রোববার (১৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারা থানাধীন হাফছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়াস্থ শহীদ আফতাব কাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি; গুইমারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না; উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম; রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন (পিপিএম); মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা কলি; গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাব হোসেন এবং গুইমারার ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাবুল হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া সেমিনারে গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নয়জন উদীয়মান শিক্ষার্থী বক্তা হিসেবে অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন, উচ্চশিক্ষা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। পাশাপাশি একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে তরুণ সমাজকে বাল্যবিবাহ, মাদকাসক্তি, গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানান।
অন্যদিকে, উদীয়মান শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের নিরলস প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ লাভের অভিজ্ঞতা তুলে ধরেন।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |