বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ বা মাইক্রোক্রেডিট মডেল থেকে অনুপ্রাণিত হয়ে অলাভজনক সংস্থা ‘ওয়াটার ডট ওআরজি’ প্রতিষ্ঠা করেছিলেন বলে জানিয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা ম্যাট ডেমন।
সম্প্রতি মার্কিন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টেড ঝারের ‘হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং?’ ভিডিও সিরিজে অংশ নিয়ে এ কথা জানান হলিউডের এই অভিনেতা। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে টেড ঝার ম্যাট ডেমনকে তাঁর পেশা সম্পর্কে জানতে চাইলে অভিনেতা হাসিমুখে ওয়াটার ডট ওআরজির প্রসঙ্গ তোলেন। এরপর সংস্থাটির কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি।
ম্যাট ডেমন জানান, উন্নয়নশীল দেশগুলোর মানুষের জন্য নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে কাজ করে ওয়াটার ডট ওআরজি। সংস্থাটি ক্ষুদ্রঋণের মাধ্যমে মানুষকে নিরাপদ পানি এবং স্যানিটেশন সেবা পাওয়ার সুযোগ করে দেয়।
নিজেদের কার্যক্রম ব্যাখ্যা করতে গিয়ে ডেমন বলেন, তাঁদের উদ্যোগের মূল ধারণা বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের তৈরি ক্ষুদ্রঋণ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। এই মডেলের জন্যই ড. ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ম্যাট ডেমনের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, ব্রাজিল ও মেক্সিকোসহ বিশ্বের ১৫টির বেশি দেশে কাজ করছে ওয়াটার ডট ওআরজি।
সাক্ষাৎকারে তিনি আরও জানান, সংস্থাটি এখন পর্যন্ত ২১ মিলিয়নের বেশি ক্ষুদ্রঋণ বিতরণ করেছে, যার আর্থিক মূল্য ৮ বিলিয়ন ডলারেরও বেশি। এসব ঋণের মাধ্যমে বিভিন্ন পরিবারের পক্ষে নিজেদের বাড়িতে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও নিরাপদ পয়োনিষ্কাশন সুবিধা গড়ে তোলা সম্ভব হচ্ছে।
ম্যাট ডেমনের দাবি, সংস্থাটির উদ্যোগে এখন পর্যন্ত বিশ্বের প্রায় ৯৫ মিলিয়ন মানুষ পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় এসেছে।
উল্লেখ্য, ক্ষুদ্রঋণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
অন্যদিকে, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধাবঞ্চিত মানুষের কাছে এসব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে গ্যারি হোয়াইটের সঙ্গে ওয়াটার ডট ওআরজি প্রতিষ্ঠা করেন ম্যাট ডেমন। সংস্থাটির কার্যক্রমে ক্ষুদ্রঋণকে ব্যবহার করে মানুষের মৌলিক চাহিদা পূরণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |