খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমা বিস্ফোরণে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা এমএম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর বসতঘরে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম দিঘলিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পর বসতঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান তিনি।
কেউ ভুল করে প্যাকেটটি রেখে গেছেন মনে করে সেটি ঘরের ভেতরে নিয়ে যান। পরে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে প্যাকেটটি বিস্ফোরিত হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
বিস্ফোরণের পর ঘরের আসবাবপত্রে আগুন ধরে গেলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।
তবে বিস্ফোরকটি কারা সেখানে রেখেছে এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |