রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর নাব্য সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট। ঘাটটি বন্ধ থাকায় বিকল্প ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ঘাট সংকটের কারণে দূরপাল্লার যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে নদীতে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় ঘাটটি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে বিকল্প ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে। তবে একটি ঘাট বন্ধ থাকায় পারাপারে সাময়িক অসুবিধা তৈরি হয়েছে।
ঘাটে আসা দূরপাল্লার যাত্রী ও চালকেরা জানান, প্রতিবছর নাব্য সংকটের কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। এ সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পরিকল্পিত ও নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদার করা প্রয়োজন বলে মনে করেন তাঁরা। পাশাপাশি যাত্রীদের কেউ কেউ এ রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিও জানিয়েছেন।
ফেরিঘাট সূত্র জানায়, পদ্মা নদীর তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরিচা ড্রেজিং বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সম্পাদিত হাইড্রোগ্রাফিক চার্ট অনুযায়ী ড্রেজিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ঘনমিটার। তবে পরবর্তী সময়ে ৪, ৫ ও ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পলি জমার কারণে ড্রেজিংয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৮ লাখ ঘনমিটার করা হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ড্রেজিং কার্যক্রমের কারণে মঙ্গলবার সকাল থেকে ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। কাজ শেষ হলে ঘাটটি আবার চালু করা হবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর আরিচা ড্রেজিং ডিভিশনের ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী (পূর্ব) হাছান আহমেদ বলেন, গত ৬ অক্টোবর থেকে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। চারটি ড্রেজারের মধ্যে তিনটি দিয়ে বর্তমানে কাজ চলছে। বাকি একটি ড্রেজার প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ড্রেজিং কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
ড্রেজিং শেষ হলে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট আবার সচল হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ততদিন বিকল্প ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার অব্যাহত থাকবে।
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |