বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার, বোম ডিসপোজাল ইউনিটের অভিযান
প্রতিবেদক: বুলবুল আহমেদ
বরিশালের গৌরনদী উপজেলায় একটি পরিত্যক্ত স্থান থেকে বিস্ফোরকদ্রব্য হিসেবে ব্যবহৃত ৯টি তাজা ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকার টরকী পানভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত স্থান থেকে খুলনা থেকে আসা এসআরবির বিশেষ বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল আটটার দিকে স্থানীয় বাসিন্দারা ওই পরিত্যক্ত স্থানে বেশ কয়েকটি ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলা প্রশাসন, গৌরনদী মডেল থানা পুলিশ এবং এসআরবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুরো এলাকাটি ক্রাইম সিন হিসেবে হলুদ ফিতা দিয়ে ঘিরে ফেলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল গণমাধ্যমকে জানান, “খবর পাওয়ার পর পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে এসআরবি খুলনা-৬ এর বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ সদস্যদের সহায়তায় অত্যন্ত সতর্কতার সঙ্গে ককটেলগুলো উদ্ধার করা হয়।”
ওসি আরও জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই ককটেলগুলো ওই এলাকায় এনে জমা করে রেখেছিল, তা খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।