প্রতিবেদক: বুলবুল আহমেদ
আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হওয়া বিএনপি নেতা শাহাদাত হোসেনকে এবার একই করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন তিনি। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত মার্চেও শাহাদাত হোসেনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব তৈরি করেছিল স্থানীয় সরকার বিভাগ। তবে তখন এ বিষয়ে আদেশ জারি হয়নি। নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়া এবং মেয়র হিসেবে তার দায়িত্ব পালনের মেয়াদ নিয়ে বিতর্কের মধ্যেই এবার তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
স্থানীয় সরকার বিভাগের নথি অনুযায়ী, ২০২১ সালে নির্বাচিত চট্টগ্রাম সিটি করপোরেশন পরিষদের প্রথম সভা হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। সে হিসাবে পরিষদের পাঁচ বছরের মেয়াদ গত ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে। তবে শাহাদাত হোসেন দাবি করেছিলেন, আদালতের আদেশ অনুযায়ী ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত তার মেয়াদ রয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের নথিতে বলা হয়, আদালত তাকে মেয়র ঘোষণা করলেও মেয়াদের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেননি। এর আগে গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। এতে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন শাহাদাত হোসেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন মেয়রকে অপসারণ করা হয়।
২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয় এবং ৮ অক্টোবর সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন তিনি। নির্বাচনের প্রায় তিন বছর নয় মাস পর মেয়রের দায়িত্ব নেওয়া শাহাদাত এবার সরকারের সরাসরি আদেশে চসিকের প্রশাসকের চেয়ারে বসলেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |