| বঙ্গাব্দ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-10-2026 ইং
  • 40560 বার পঠিত
পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড
ছবির ক্যাপশন: ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নতুন রেকর্ড: ঘণ্টায় ৭২ মুভের মাইলফলক অর্জন আরএসজিটি বাংলাদেশের

প্রতিবেদক: বুলবুল আহমেদ

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার ওঠানো-নামানোর কাজে নতুন রেকর্ড করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটি বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভের মাধ্যমে ১২২ টিইইউ কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা অর্জন করেছে। সিএমএ সিজিএমের জাহাজ ‘এমভি আমুরো’ পরিচালনার সময় এ রেকর্ড তৈরি হয়।

বন্দর ও টার্মিনালসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর জাহাজটির কনটেইনার ওঠানো-নামানোর কাজ মাত্র ২১ ঘণ্টায় সম্পন্ন করা হয়েছে। এ সময়ে মোট ১ হাজার ৫২৪টি কনটেইনার খালাস ও বোঝাই করা হয়েছে, যা প্রায় ২ হাজার ৫৭১ টিইইউর সমান। টার্মিনালে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন চালুর পর এটিই সর্বোচ্চ উৎপাদনশীলতার রেকর্ড।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ঘণ্টায় ৫৮ মুভের মাধ্যমে ৮২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছিল আরএসজিটি বাংলাদেশ। এক মাসের ব্যবধানে সেই সক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এমভি আমুরো পরিচালনায় আরএসজিটি বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেছে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম। নতুন এই অর্জনকে টার্মিনালের পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার সক্ষমতার প্রমাণ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে কার্যক্রম পরিচালনা করছে আরএসজিটি বাংলাদেশ। দেশের বন্দর অবকাঠামোর প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক শিপিং লাইন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

নতুন রেকর্ড প্রসঙ্গে আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) নাবিল ইউসুফ বলেন, সংশ্লিষ্ট সব অংশীজনের আস্থা ও বিশ্বাসকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। পরিচালন দক্ষতায় নতুন মানদণ্ড তৈরি, বৈশ্বিক মান বজায় রাখা এবং বন্দরের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency