প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ
ইংল্যান্ড সিরিজ চলাকালে সাত ক্রিকেটারকে দেশে পাঠানো এবং কোচিং স্টাফে পরিবর্তনের সিদ্ধান্ত সম্পর্কে জানতেন না বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর এই বক্তব্যের পর কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
সফরের মাঝপথে কোচিং স্টাফ পরিবর্তন ও সাত খেলোয়াড়কে দেশে পাঠানোর মতো বড় সিদ্ধান্ত সম্পর্কে অধিনায়ক কীভাবে অজ্ঞাত থাকতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন আকরাম।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে টসের সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত সম্পর্কে জানতেন না বলে জানান বাবর। এরপরই সমালোচনার মুখে পড়েন তিনি।
বাবরের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আকরাম বলেন, ‘বাবরকে অধিনায়কত্ব দেওয়া উচিতই হয়নি। একেবারে অপ্রয়োজনীয়। বার্মিংহামে টস করতে গেছে সে, সেখানে তাকে জিজ্ঞেস করা হলো সাত ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়া নিয়ে। সে বলল, আমি জানতামই না। তাহলে তুই কি ছোলা বিক্রি করতে গিয়েছিলি?’
আকরামের মতে, কঠিন পরিস্থিতিতে অধিনায়কের উচিত খেলোয়াড়দের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো। নেতৃত্বে অনিশ্চয়তা থাকলে তা দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি হারের পর বাবরের টেস্ট অধিনায়কত্ব গ্রহণ করাটাই উচিত হয়নি বলে মন্তব্য করেন পাকিস্তানের এই কিংবদন্তি পেসার। তাঁর মতে, দ্বিতীয় টেস্টের পর বাবর স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে শুধু একজন খেলোয়াড় হিসেবে দলে থাকতে পারতেন।
এতে নেতৃত্ব নিয়ে অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো যেত এবং বাবর নিজের ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দিতে পারতেন বলেও মনে করেন আকরাম।
চলতি বছরের শুরুতে খারাপ ফলাফলের কারণে শান মাসুদকে সরিয়ে বাবরকে আবার পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়। তবে আগের বছর টেস্ট একাদশে নিয়মিত জায়গা ধরে রাখতেই সংগ্রাম করেছিলেন তিনি।
ইংল্যান্ড সফরে পিসিবির একের পর এক বড় সিদ্ধান্তের মধ্যেই বাবরকে নিয়ে ওয়াসিম আকরামের এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |