আন্তর্জাতিক ডেস্ক | ফার্স্টপোস্ট
সর্বশেষ আপডেট: ১৩ জুলাই, ২০২৬
নেপালের প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে যে ‘জেন জি’ (Gen Z) বা তরুণ প্রজন্মকে সাথে নিয়ে পরিবর্তনের প্রতীক হিসেবে ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (Balendra Shah), ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাসের মাথায় আজ তাদেরই তীব্র ক্ষোভের মুখে পড়েছেন তিনি। কাঠমান্ডুর নদী তীরবর্তী অবৈধ বস্তি উচ্ছেদ অভিযান এবং পার্কিং জরিমানা নিয়ে বিরোধের জেরে এক রাইড-শেয়ারিং চালকের আত্মহত্যার ঘটনায় ফুঁসে উঠেছে দেশটির যুবসমাজ।
রোববার (১২ জুলাই, ২০২৬) রাজধানী কাঠমান্ডুর প্রধান প্রশাসনিক কেন্দ্র ‘সিংহদরবার সচিবালয়’-এর বাইরে শত শত ক্ষুব্ধ তরুণ-তরুণী সমবেত হয়ে প্রধানমন্ত্রীর বিতর্কিত নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে গরিবদের ওপর নির্যাতন বন্ধ, মানবাধিকার রক্ষা, অবৈধ গ্রেফতার বন্ধ এবং উচ্ছেদ হওয়া বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবি জানানো হয়।
অথচ গত বছরের (২০২৫) সেপ্টেম্বর মাসে এই ‘জেন জি’ বা তরুণ প্রজন্মের আন্দোলনের জেরেই নেপালের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন এসেছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এরপর তরুণদের বিপুল সমর্থনে ভর করে গত ২৭ মার্চ (২০২৬) বালেন শাহের রাজনৈতিক দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (RSP) প্রতিনিধি সভায় প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেপালের ক্ষমতায় আসে।
প্রথাগত রাজনৈতিক দলগুলোর দুর্নীতির বিরুদ্ধে বালেন শাহকে নতুন আশার আলো হিসেবে বেছে নিয়েছিল তরুণরা। কিন্তু সরকার গঠনের মাত্র ১০০ দিন পার হতেই সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে।
বর্তমান গণঅসন্তোষের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে কাঠমান্ডুর নদী তীরবর্তী অবৈধ বস্তি উচ্ছেদে বালেন শাহের কঠোর ও একমুখী সিদ্ধান্তকে। কাঠমান্ডুর মেয়র থাকাকালীন সময় থেকেই এই উচ্ছেদ অভিযান তাঁর অন্যতম লক্ষ্য ছিল। কাঠমান্ডু উপত্যকার নদী তীরবর্তী এলাকায় প্রায় সাড়ে তিন হাজার ভূমিহীন পরিবার বসবাস করে।
নেপালের বিদ্যমান আইন অনুযায়ী ভূমিহীনদের উচ্ছেদের আগে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা বাধ্যতামূলক হলেও, উচ্ছেদ হওয়া ২৬০০ পরিবারের মধ্যে মাত্র ৩২৫টি পরিবারকে অস্থায়ী আশ্রয় দেওয়া হয়েছে। তদুপরি, গত ২ জুলাই সরকার বাকিদেরও সেই অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছাড়ার নির্দেশ দিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। উচ্ছেদের প্রতিবাদ করায় পুলিশ বেশ কয়েকজন যুব অধিকার কর্মীকে গ্রেফতার করেছে, যা দেশের সুশীল ও নাগরিক সমাজকে আরও ক্ষুব্ধ করে তুলেছে।
এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে পার্কিং নিয়ে বিরোধের জেরে ২৫ বছর বয়সি এক যুবকের আত্মাহুতির ঘটনা। কাঠমান্ডুর পাসপোর্ট দপ্তরের সামনে পার্কিং জরিমানা নিয়ে মিউনিসিপ্যাল পুলিশের সাথে তর্কাতর্কির জেরে গণেশ নেপালি নামের এক ‘পাঠাও’ (Ride-Sharing) চালক নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর গুরুতর দগ্ধ চালককে কোনো অ্যাম্বুলেন্স বা স্ট্রেচারের ব্যবস্থা না করে সাধারণ ট্রাকে করে হাসপাতালে নেওয়ার একটি অসংবেদনশীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তরুণদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনের সাথে নিহতের পরিবারের ৯ দফা চুক্তি এবং তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলেও সাধারণ মানুষের অসন্তোষ কমেনি।
উচ্ছেদ সংকট: নেপালি আইন অমান্য করে সাড়ে ৩ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ।
রাইড শেয়ারিং ট্র্যাজেডি: পার্কিং জরিমানা নিয়ে পুলিশের সাথে বিবাদের জেরে ২৪ বছর বয়সি ‘পাঠাও’ চালক গণেশ নেপালির আত্মাহুতি।
প্রতিশ্রুতি ভঙ্গ: নির্বাচনের আগে দেওয়া সুশাসন ও অর্থনৈতিক সংস্কারের ১০০ দফার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা।
একনায়কতান্ত্রিক আচরণ: নির্বাচিত হওয়ার পর নিজের নির্বাচনী এলাকায় না যাওয়া এবং সংসদকে এড়িয়ে চলার অভিযোগ।
যে তরুণ প্রজন্ম বালেন শাহকে নেপালের নতুন আশার প্রতীক হিসেবে দেখছিল, আজ তারাই তাঁর প্রশাসনের একনায়কতান্ত্রিক আচরণের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্রুত পুনর্বাসন ও সুশাসনের দৃশ্যমান পদক্ষেপ না নিলে এই জেন জি বিক্ষোভ বালেন শাহ সরকারের স্থায়িত্বকে বড় ঝুঁকিতে ফেলতে পারে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |