বিশ্বকাপজয়ী জার্মান তারকা ফুটবলার মেসুত ওজিল এখন থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সদস্য। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্স-২৪।
আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ওজিল। ফুটবল থেকে ২০২৩ সালে অবসর নেওয়ার পর এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন তিনি।
ওজিল দীর্ঘদিন ধরেই এরদোগানের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। ২০১৯ সালে যখন সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন, তখন বেস্টম্যান হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন এরদোগান।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনে ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন ওজিল। সে সময় জার্মান সরকারের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে তুরস্কে ওজিলের জনপ্রিয়তা বরাবরই ভালো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে তুরস্কে ক্ষমতাসীন রয়েছে এরদোগানের একেপি দল। নবমবারের মতো এরদোগান পুনঃনির্বাচিত হয়েছেন, এবং দলের সম্প্রসারণের অংশ হিসেবে এবার তিনি ওজিলকে অন্তর্ভুক্ত করলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওজিলের মতো একজন আন্তর্জাতিক তারকার দলে যোগদান একেপির জনপ্রিয়তা আরও বাড়াতে পারে। তবে তুরস্কের জনগণ বিষয়টি কীভাবে নেবে, তা সময়ই বলে দেবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |