📍 লন্ডন | জুলাই ২০২৫
বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন টেনিস প্রতিযোগিতা উইম্বলডনে চলতি বছর আশঙ্কাজনকভাবে বেড়েছে খেলোয়াড়দের প্রতি বিদ্বেষমূলক বার্তা ও অনলাইন হুমকি। প্রযুক্তিনির্ভর মনিটরিং সিস্টেম ‘থ্রেট ম্যাট্রিক্স’ জানিয়েছে, এবারের টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত ১,৯০২টি বিদ্বেষমূলক বার্তা সনাক্ত করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় চার গুণ বেশি।
গত বছর একই পর্যায়ে এ ধরনের বার্তার সংখ্যা ছিল ৫১১। এবার ‘থ্রেট ম্যাট্রিক্স’ সিস্টেম প্রায় ২ লাখ ২৮ হাজার পাবলিক সোশ্যাল পোস্ট বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে ১৩২টি বার্তাকে ‘মাঝারি’ থেকে ‘উচ্চ ঝুঁকির’ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা হয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৩৭ শতাংশ অপব্যবহার এসেছে অনলাইন বেটিংয়ে হেরে যাওয়া ব্যবহারকারীদের কাছ থেকে, যারা পরাজিত খেলোয়াড়দের প্রতি উগ্র ভাষায় মন্তব্য করছেন বা হুমকি দিচ্ছেন।
কার্লোস আলকারাজ (পুরুষ এককে রানারআপ):
“মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, তা কল্পনাই করিনি। আমি এখন শুধু ইতিবাচক বার্তাগুলোর দিকেই মনোযোগ দিই।”
আমান্ডা আনিসিমোভা (নারী এককে রানারআপ):
“হারার পর ফোন খুলতেই ভয় পাচ্ছিলাম, কারণ জানতাম—অনেক নেতিবাচক মন্তব্য অপেক্ষা করছে।”
টেলর ফ্রিটজ (সেমিফাইনালিস্ট):
“খারাপ ম্যাচের পর ফোন না খোলাই ভালো। যেটা দেখব, তা হয়তো আমাকে মানসিকভাবে আরও ভেঙে ফেলবে।”
এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি অপব্যবহারের শিকার হওয়া তিনজনই পুরুষ খেলোয়াড়, যেখানে ২০২৪ সালে তালিকার শীর্ষে ছিলেন দুই নারী।
‘থ্রেট ম্যাট্রিক্স’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি টেনিসের প্রতিটি একক, দ্বৈত, মিশ্র দ্বৈত, কোয়ালিফাইং ম্যাচ, আম্পায়ার ও অফিসিয়াল অ্যাকাউন্টের কার্যক্রম মনিটর করেছে। এই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিকর পোস্ট শনাক্ত করে তা মানুষ যাচাই করে রিপোর্ট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
ব্রিটিশ তারকা কেটি বোল্টার ফ্রেঞ্চ ওপেন চলাকালে অনলাইনে গালাগালি ও মৃত্যুর হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে এনে বিষয়টিকে আলোচনার কেন্দ্রে আনেন। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের এক মুখপাত্র জানান,
“আমরা খেলোয়াড়দের অনলাইন নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছি। গালিগালাজ ও হুমকিদাতাদের বিরুদ্ধে প্রযুক্তি ও আইনি সহায়তায় ব্যবস্থা নিচ্ছি।”
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |