ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করেন, সন্ত্রাস এবং খেলাধুলা একসঙ্গে চলতে পারে না। তাই পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্ত রকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত। এএনআই’র বরাতে জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন "প্রিন্স অব ক্যালকাটা" খ্যাত এই কিংবদন্তি ক্রিকেটার।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ গাঙ্গুলি বলেন,“হ্যাঁ, ১০০ ভাগ, পাকিস্তানের সঙ্গে যাবতীয় ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে প্রতি বছর এরকম ঘটনা ঘটেই চলবে।”
তার বক্তব্যে স্পষ্ট, বারবার ঘটে চলা সন্ত্রাসী কার্যকলাপের প্রেক্ষিতে ভারতের ক্রিকেট মহলে যে আওয়াজ উঠেছে, সেটির তিনি পূর্ণ সমর্থন করছেন। সৌরভ মনে করেন, এখন সময় এসেছে কঠোর পদক্ষেপ নেয়ার।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হচ্ছে না। দুই দেশের মুখোমুখি লড়াই এখন সীমিত শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর টুর্নামেন্টে। সেসব প্রতিযোগিতায়ও সাধারণত ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়, যাতে তারা মুখোমুখি হয়।
তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদন বলছে, বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) এবার আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে পারে যেন দুই দেশকে আলাদা গ্রুপে রাখা হয় এবং ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে তাদের মুখোমুখি না করা হয়। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই’র এমন সম্ভাব্য উদ্যোগকেও সমর্থন করেছেন।
তিনি আরও বলেন,“বোর্ড যদি আইসিসিকে চিঠি দেয়, তাহলে সেটি সঠিক সিদ্ধান্ত হবে। কারণ, সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।”
সৌরভ গাঙ্গুলির বক্তব্য দেশের জনগণের আবেগের প্রতিফলনও বলা যেতে পারে। গত কয়েক বছরে বিভিন্ন সন্ত্রাসী হামলার কারণে ভারতের জনগণের মধ্যে পাকিস্তানের প্রতি গভীর ক্ষোভ তৈরি হয়েছে। ক্রিকেটের মতো আবেগঘন খেলা থেকেও তাই পাকিস্তানকে দূরে রাখার দাবি দিন দিন জোরাল হচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |