শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তিনি বলেছেন, শিক্ষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর পাশাপাশি শিক্ষকদের কাছ থেকেও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে সরকার।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টার দিকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা সচিব বলেন, বেসরকারি শিক্ষকদের পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই জাতীয়করণ ও বদলির দাবিতে শিক্ষকদের রাস্তায় নামার বিষয়টি তাদের কষ্ট দেয়। জাতীয়করণের সিদ্ধান্ত নিতে হলে সরকারের আর্থিক সক্ষমতা, নীতিগত অবস্থানসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়।
তিনি জানান, বেসরকারি শিক্ষকদের বদলির জন্য নীতিমালা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। এসব বিষয়ে সরকার কাজ করছে। তাই দাবি আদায়ের আন্দোলনে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আবদুল খালেক বলেন, সম্প্রতি কয়েকটি কলেজ পরিদর্শনে গিয়ে হতাশার মধ্যেও আশার আলো দেখেছেন। এর মধ্যে একটি কলেজে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ওই কলেজের অধ্যক্ষের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয় হতে পারে।
অধ্যক্ষদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল রাখতে হবে। শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের আঙিনায় বাগান গড়ে তোলার প্রতিও গুরুত্ব দিতে হবে। অতীতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সুন্দর বাগান দেখা গেলেও বর্তমানে তা কমে গেছে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষা সচিব আরও বলেন, গত নয় মাসে অধ্যক্ষরা যেসব কাজ করেছেন, সেগুলোর স্বীকৃতি দেওয়া এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে আবদুল খালেক বলেন, বাজেট, কম্পিউটার, ল্যাপটপ ও নতুন বই সরবরাহ করা হয়েছে। গত নয় মাসে বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ছিল কঠিন একটি কাজ।
তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া শিশু ও মেয়েদের সহায়তাসহ বিভিন্ন খাতেও বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারের কর্মকাণ্ডে আন্তর্জাতিক আস্থার প্রসঙ্গ তুলে ধরে আবদুল খালেক বলেন, গত সপ্তাহে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে সরকারের গত নয় মাসের কার্যক্রম পর্যালোচনা করেছে। এতে তারা সন্তোষ প্রকাশ করেছে। এ সময় বাংলাদেশ ব্যাংকে ১০ কোটি টাকা ছাড় এবং ৪০০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন, যৌক্তিক দাবিতে আন্দোলন করার অধিকারকে সরকার সম্মান করে। তবে আন্দোলনের নামে সংঘটিত সহিংসতার ঘটনা দুঃখজনক।
তিনি স্পষ্ট করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হয়েছে। এমনকি রাত দুইটা পর্যন্ত শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে হয়েছে বলেও জানান তিনি।
অধ্যক্ষদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে আবদুল খালেক বলেন, সম্মেলনে উপস্থিত আড়াই থেকে তিন হাজার অধ্যক্ষ দেশের কলেজগুলো পরিচালনা করছেন। তাঁদের অধীনে রয়েছেন প্রায় এক লাখ শিক্ষক। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষক রয়েছেন সাড়ে তিন লাখ। শিক্ষা বিভাগের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সবার মধ্যে সমন্বয় করা এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে জবাবদিহি করতে হয় তাঁকে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |