| বঙ্গাব্দ

দেশে-বিদেশে এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 25977 বার পঠিত
দেশে-বিদেশে এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী
ছবির ক্যাপশন: এনবিআর ও অর্থনৈতিক সংস্কার নিয়ে বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশে-বিদেশে এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে দেশে-বিদেশে নানা প্রশ্ন ও অভিযোগ শুনতে হয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের বাইরে বিভিন্ন দেশ সফরেও এনবিআরের বিষয়টি বারবার আলোচনায় উঠে আসছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির (ঋণপত্র) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

অর্থমন্ত্রী বলেন, কাস্টমস ও এনবিআর নিয়ে তাকে বিভিন্ন জায়গায় কথা শুনতে হয়। জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশ সফরের সময়ও এনবিআরের বিষয়টি বারবার আলোচনায় আসে।

তিনি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের উদ্দেশে বলেন, শুধু এনবিআর নয়, সরকারের সব ক্ষেত্রেই পরামর্শ গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রাখতে চান তারা। সরকার উদ্যোগ না নিলেও ব্যবসায়ী অংশীজনদের নিজেদের মতামত ও প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সংস্কারের ক্ষেত্রে সরকার যতটা সক্রিয় বা উদ্যোগী হোক না কেন, সংশ্লিষ্ট অংশীজনেরা এগিয়ে না এলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। এ জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে সংস্কার কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজন হলে সরকার কঠিন সিদ্ধান্ত নিতেও প্রস্তুত। তার মতে, এসব সিদ্ধান্তের মাধ্যমে দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার উন্নতি হলে তা রাজনৈতিক সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। তিনি ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন এই প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান।

গভর্নর আরও বলেন, ব্যবসা পরিচালনার খরচ কমানো বাংলাদেশ ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে ঋণপত্র খোলা, অর্থায়ন এবং লেনদেনের ব্যয় কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে পণ্য ও সেবা আরও সাশ্রয়ী করা।

ব্যবসায়ীদের অর্থায়ন ব্যয় কমানোর বিষয়ে নীতি সুদহার আরও কমানোর সম্ভাবনার কথাও জানান তিনি। মোস্তাকুর রহমান বলেন, ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ভবিষ্যতে নীতি সুদহার আরও কমানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency