| বঙ্গাব্দ

২০১৮ সালে বল টেম্পারিংয়ের নতুন অভিযোগে জড়ালেন নাথান লায়ন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 27-11-2026 ইং
  • 62386 বার পঠিত
২০১৮ সালে বল টেম্পারিংয়ের নতুন অভিযোগে জড়ালেন নাথান লায়ন
ছবির ক্যাপশন: বল টেম্পারিংয়ের নতুন অভিযোগে জড়ালেন নাথান লায়ন

বল চকচকে করতে ব্রেথ মিন্টস ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন লায়ন!

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে বল চকচকে করতে অতিরিক্ত লালা তৈরির জন্য ব্রেথ মিন্টস ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন—এমন অভিযোগ উঠেছে। স্যান্ডপেপার-কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গন তোলপাড় হওয়ার কয়েক মাস পর নতুন এই অভিযোগ সামনে এলো।

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আচরণ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, নতুন এই তথ্য তাতে আরও একটি মাত্রা যোগ করেছে।

শুক্রবার দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত প্রতিবেদনে অস্ট্রেলিয়ার নিউজ কর্পের বরাত দিয়ে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে বল চকচকে করতে অতিরিক্ত লালা তৈরির জন্য ব্রেথ মিন্টস ব্যবহারের ধারণা দিয়েছিলেন লায়ন।

সপ্তাহের শুরুতে দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঘটনাটি নিয়ে কথা বলেন সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজা। তখনই বিষয়টি সামনে আসে।

খাজা জানান, অস্ট্রেলিয়া দলের একজন জ্যেষ্ঠ সদস্য বল চকচকে করার সময় বেশি লালা তৈরির জন্য ব্রেথ মিন্টস ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। তিনি আরও ইঙ্গিত দেন, ওই ক্রিকেটার একই বছরের শুরুতে বিতর্কিত দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন।

তবে প্রস্তাবটি আসলেই দেওয়া হয়েছিল, নাকি নিছক রসিকতা ছিল, তা এখনো স্পষ্ট নয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন এই তথ্য সামনে আসার পর ওই সময় দলের সঙ্গে থাকা সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দলের আরেক সদস্য ট্রাভিস হেড প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। সংযুক্ত আরব আমিরাত সফরে অভিষেক হওয়া অস্ট্রেলিয়ার তিন ব্যাটারের একজন ছিলেন হেড। অন্য দুজন হলেন মারনাস লাবুশেন ও অ্যারন ফিঞ্চ।

২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল কেপটাউন টেস্টের প্রায় ছয় মাস পর। ওই টেস্টে বলের অবস্থা পরিবর্তনের উদ্দেশ্যে স্যান্ডপেপার লুকানোর চেষ্টা করতে গিয়ে ক্যামেরন ব্যানক্রফট ধরা পড়েছিলেন।

ঘটনাটি অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় বিতর্কের জন্ম দেয়। এর জেরে ব্যানক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হয়।

এই কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি নিয়েও ব্যাপক সমালোচনা হয়। দলের আচরণ এবং ওই ঘটনায় খেলোয়াড়দের সম্পৃক্ততার মাত্রা নিয়ে প্রশ্ন ওঠে।

কেপটাউন টেস্টে মাঠে স্যান্ডপেপার নেওয়ার বিষয়টি তারা জানতেন না—২০২১ সালে এমন বক্তব্য দিয়ে যৌথ বিবৃতি দিয়েছিলেন লায়নসহ অস্ট্রেলিয়ার চার অভিজ্ঞ বোলার। অন্য তিনজন হলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।

এদিকে, ২০১৮ সালের বল টেম্পারিংয়ের ঘটনাবলি খতিয়ে দেখতে সম্প্রতি একটি স্বাধীন ফোরামের কার্যপরিধি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

লায়নকে ঘিরে নতুন অভিযোগ সামনে আসার সময় জাতীয় দলে তার অবস্থান নিয়েও আলোচনা চলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি এই অফস্পিনার। তবে ২০১৮ সালে পাকিস্তান সিরিজে ব্রেথ মিন্টস ব্যবহারের প্রস্তাবসংক্রান্ত নতুন অভিযোগের সঙ্গে দল থেকে তার বাদ পড়ার কোনো সম্পর্ক রয়েছে—এমন ইঙ্গিত পাওয়া যায়নি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency