| বঙ্গাব্দ

স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে কামিন্সের ‘আক্রমণে’ হতাশ খাজা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 5283 বার পঠিত
স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে কামিন্সের ‘আক্রমণে’ হতাশ খাজা
ছবির ক্যাপশন: -কাণ্ড নিয়ে কামিন্সের ‘আক্রমণে’ হতাশ খাজা

কামিন্সের আচরণে হতাশ খাজা, বল টেম্পারিং নিয়ে ফের বিতর্ক

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

স্যান্ডপেপার-কাণ্ডে প্যাট কামিন্সের অধিনায়কত্ব নিয়ে কখনো কোনো শঙ্কার কথা উল্লেখ করেননি উসমান খাজা। তবে ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিজের সম্পৃক্ততা অস্বীকার করায় কামিন্সের প্রতি হতাশা প্রকাশ করেছেন অবসর নেওয়া এই ওপেনার।

চলতি মাসে প্রকাশিত নিজের আত্মজীবনীতে খাজা দাবি করেন, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে টেস্ট ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের ষড়যন্ত্র সম্পর্কে পুরো দলই অবগত ছিল। তার এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তখনকার অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং স্যান্ডপেপার ব্যবহারকারী ক্যামেরন ব্যানক্রফটকেই কেবল দায়ী করা হয়েছিল।

বিতর্ক নতুন করে ছড়িয়ে পড়ার পর দীর্ঘ সংবাদ সম্মেলনে বল টেম্পারিংয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা জোরালোভাবে অস্বীকার করেন কামিন্স। পরবর্তী সময়ে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠার পরও ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে ‘সর্বসম্মত সমর্থন’ পান তিনি।

‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে খাজা বলেন, ‘আমি সবসময়ই চেয়েছি প্যাট অধিনায়ক থাকুক। বিষয়টি কখনোই প্যাট বা তার অধিনায়কত্ব হারানো নিয়ে ছিল না।’

খাজা জানান, চলতি মাসে কামিন্সের সংবাদ সম্মেলনের কয়েক দিন আগে তিনি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। দুই পক্ষের মধ্যে সমঝোতার পথ খুঁজে বের করা এবং সম্মিলিত দায় স্বীকারের বিষয়ে একমত হওয়ার আশা করেছিলেন তিনি।

কিন্তু বল টেম্পারিংয়ের ষড়যন্ত্র সম্পর্কে আগে থেকে জানার কথা সরাসরি অস্বীকার করেন কামিন্স। উল্টো আট বছর পর এমন বিস্ফোরক দাবি প্রকাশ করায় খাজার সমালোচনা করেন তিনি। খাজার আচরণকে ‘দায়িত্বজ্ঞানহীন ও হালকা’ বলে উল্লেখ করেন কামিন্স। তার কিছু বক্তব্য ‘সম্ভবত মানহানিকর’ বলেও মন্তব্য করেন।

খাজা বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর ছিল। সে যেভাবে ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করেছে, তা আমি কখনোই আশা করিনি।’

তিনি আরও বলেন, ‘আমার বক্তব্যের সমালোচনা করতেই পারে। কিন্তু ব্যক্তিগতভাবে যেভাবে করেছে, বারবার একইভাবে আক্রমণ চালিয়ে গেছে—প্যাটের এমন একটি দিক আমি আগে কখনো দেখিনি। বিষয়টি আমাকে হতাশ করেছে।’

২০২১ সালে বোলিং বিভাগের সদস্য কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন যৌথ বিবৃতি দিয়ে ওই ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন।

ওয়ার্নার ও ব্যানক্রফটও খাজার বক্তব্যকে সমর্থন করেছেন। তবে নিজের অবস্থানে অনড় থেকে খাজা আবারও বলেছেন, ‘আমি সত্য কথাই বলেছি।’

পডকাস্টে তিনি বলেন, ‘আমি এ বিষয়টি এড়িয়ে যাব না। রাতে খুব নিশ্চিন্তেই ঘুমাতে পারি।’

ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত নতুন করে শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ২০১৮ সালের ঘটনা নিয়ে খেলোয়াড়দের নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য একটি আলোচনার আয়োজন করেছে সংস্থাটি।

খাজা জানান, দুই পক্ষের মধ্যে সমঝোতা তৈরির আশায় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের কাছে একটি বিবৃতির প্রস্তাব দিয়েছিলেন তিনি।

বিবৃতিটির মূল বক্তব্য ছিল, বল টেম্পারিং সম্পর্কে সব খেলোয়াড়ের সম্মিলিতভাবে জানার বিষয়টি স্বীকার করা হবে। তবে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি সবাই জানতেন—এমনটা স্বীকার করা হবে না।

পডকাস্টে প্রস্তাবিত বিবৃতিটি পড়ে শোনান খাজা। তাতে বলা হয়, ‘দল হিসেবে আমরা স্বীকার করছি এবং মেনে নিচ্ছি যে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বলের কৃত্রিম পরিবর্তনের মাধ্যমে আমরা বল টেম্পারিং করছিলাম, এ বিষয়ে আমাদের জানা ছিল।’

‘স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল, নাকি অন্য কোনো উপায়ে বলের পরিবর্তন ঘটানো হয়েছিল, তা এখানে প্রাসঙ্গিক নয়। আমরা জানতাম কী করছি। নিজেদের কর্মকাণ্ডের জন্য দল ও স্কোয়াড হিসেবে আমরা পূর্ণ দায়ভার নিচ্ছি। আট বছর আগেই আমাদের এমনটা করা উচিত ছিল।’

গ্রিনবার্গ প্রস্তাবটির বিষয়ে কী প্রতিক্রিয়া জানিয়েছিলেন, জানতে চাইলে খাজা বলেন, প্রধান নির্বাহী তাকে বলেছিলেন, ‘এটি গ্রহণযোগ্য হবে কি না, তা আমি নিশ্চিত নই।’

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency