রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে চলমান অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে সাজেকের দাঁড়িপাড়া বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশ ও সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান (মৌজাপ্রধান), কারবারি (পাড়াপ্রধান) ও গণ্যমান্য ব্যক্তিসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি সদস্য উদয়ন চাকমা কারবারি।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নির্দেশনায় ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কারবারি অ্যাসোসিয়েশনের’ নামে সড়ক অবরোধ ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে। পাশাপাশি কারবারিদের বিতর্কিত করা হচ্ছে।
তিনি দাবি করেন, ইউপিডিএফ-সৃষ্ট এসব সংগঠনের সঙ্গে প্রকৃত কারবারিদের কোনো সম্পৃক্ততা নেই। কারবারিরা তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দেন এবং তাঁরা কখনো মানুষের দুর্ভোগ সৃষ্টির কাজ করতে পারেন না।
উদয়ন চাকমা আরও বলেন, চলমান অবরোধের কারণে স্থানীয় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাঁরা নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন না। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাও কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে অবরোধের নেতৃত্বদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা অভিযোগ করেন, প্রসীতপন্থি ইউপিডিএফ তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে সাধারণ মানুষকে জিম্মি করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জনস্বার্থবিরোধী এ অবরোধ বন্ধে সরকারি হস্তক্ষেপ এবং স্থানীয় জনগণকে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, অবরোধকারী সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে। আমাদের পাঁচ দফা দাবি পূরণ না হলে অবরোধ তুলে নেওয়ার প্রশ্নই আসে না। স্থানীয় জনগণকে নিয়েই এ কর্মসূচি পালিত হচ্ছে; এর পেছনে ইউপিডিএফ বা অন্য কোনো সংগঠনের মদদ নেই।’
প্রশাসনের পক্ষ থেকে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা রক্ষায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন নিষেধাজ্ঞা তুলে নিলে পর্যটকদের ভ্রমণ পুনরায় শুরু হবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, পর্যটনকেন্দ্র খুলে দেওয়া এবং অবরোধকারীদের দাবির বিষয়ে প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।
প্রসঙ্গত, সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের সরিয়ে নেওয়া এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে গত ১১ অক্টোবর থেকে চার দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়। পরবর্তী সময়ে একটি পক্ষ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও অপর পক্ষ তা চালিয়ে যাওয়ায় পরিস্থিতি অমীমাংসিত থেকে যায়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধ ও প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে পর্যটকশূন্য সাজেকে ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন যোগাযোগব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |