আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও চালানো হয়েছে ব্যাপক ইসরায়েলি বিমান হামলা। গত শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে রাত পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) চালানো হামলায় অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু রয়েছে। গাজার স্থানীয় হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
প্রতিবেদনে বলা হয়, হামলাগুলো হয়েছে গাজার উত্তর, মধ্য এবং দক্ষিণাঞ্চলে। গাজার প্রধান শহর গাজা সিটি, উত্তরাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর পাশাপাশি দক্ষিণের রাফা শহরের শাবৌর ও তেল আস সুলতান এলাকাতেও চালানো হয়েছে বিমান হামলা।
এই দুটি এলাকায় আইডিএফ সামরিক ঘাঁটি স্থাপন করেছে এবং সেখান থেকেই পরিচালনা করা হচ্ছে সাম্প্রতিকতম হামলাগুলো। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে উঠেছে, ঘরবাড়ি ধসে পড়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানিয়েছে, শুধু গত এক মাসেই নতুন করে ৪ লাখ ২০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ইতোমধ্যেই গাজার অধিকাংশ মানুষ তাদের বাড়িঘর হারিয়ে উদ্বাস্তু অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, এই সংখ্যা অফিসিয়ালি ৬১ হাজার ৭০০ জন ছাড়িয়েছে। বাস্তবিক সংখ্যাটি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষের এখনো সন্ধান মেলেনি।
বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছে। খাদ্য, পানি, ওষুধ এবং আশ্রয়ের চরম সংকটে ভুগছে গাজার লাখ লাখ মানুষ। আন্তর্জাতিক মহলের চাপ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, গাজার পরিস্থিতি এখন নজিরবিহীন মানবিক সংকটের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া সেখানে সহিংসতা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |