প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) গাজীপুরের আদালতে হাজির করার পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (২১ নভেম্বর) বিকালে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করে বনানী থানা পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকালে বনানী থানা পুলিশ টিপু আলম মিলনকে আটক করে। পরে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই করে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তার নাম আসামি হিসেবে থাকার তথ্য পাওয়া যায়।
তিনি জানান, শনিবার রাতেই বনানী থানা থেকে বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে অবহিত করা হয়। এরপর পুলিশের একটি দল রাজধানীতে গিয়ে বনানী থানা থেকে টিপু আলম মিলনকে কালিয়াকৈরে নিয়ে আসে।
পরদিন রোববার তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে মহাখালী এলাকা থেকে আটকের পর বনানী থানায় টিপু আলম মিলনের বিরুদ্ধে নতুন কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পরিচয় যাচাইয়ের সময় কালিয়াকৈর থানার একটি পুরোনো হত্যা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগসংক্রান্ত তথ্য পাওয়া যায়।
সংশ্লিষ্ট হত্যা মামলাটি ২০২৪ সালের ১৩ ডিসেম্বর দায়ের করা হয়। কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকার শহীদ মণ্ডলের ছেলে স্বপন মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বৈশাখী টিভির ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে ১৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ওই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলায় টিপু আলম মিলনের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ এবং তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়ে টিপু আলম মিলন কিংবা তার আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |